কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাসস্টেশন এলাকার জামাল কমপ্লেক্সে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওয়ালটন ও ভিশন শোরুমসহ অন্তত ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে জামাল কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিচতলার ছেহের মিয়ার রঙের দোকানে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ করার সময় হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে দোকানের মালামাল সরানোর চেষ্টা করেন এবং আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।
জামাল কমপ্লেক্সটিতে ইলেকট্রনিক্স শোরুম ছাড়াও গ্রামীণ ব্যাংকের শাখা এবং বেশ কয়েকটি রঙ ও হার্ডওয়্যারের দোকান ছিল। আব্দুল মালেক নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন দ্বিতীয় তলার ওয়ালটন ও ভিশন শোরুমসহ নিচতলার অন্তত ৮টি দোকান আগুনে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের প্রাথমিক ধারণা অনুযায়ী, অগ্নিকাণ্ডে অন্তত ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বাড়লে উখিয়া ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট তাদের সাথে যোগ দেয়।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে রঙের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় রাত ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যায়। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং মোট ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।