কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকার ত্রাস ও অপহরণ চক্রের শীর্ষ সদস্য আবছার উদ্দিন ওরফে রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
অপহরণ চক্রের শীর্ষ সদস্য আবছার উদ্দিন ওরফে রায়হান আবছার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মৃত ফকির আহম্মদের ছেলে। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে দীর্ঘদিনের এই পলাতক আসামিকে পাকড়াও করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, আবছার দীর্ঘদিন ধরে হ্নীলা ও বাহারছড়া এলাকার দুর্গম পাহাড়ে অবস্থান করে অপহরণ এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।পুলিশের সিডিএমএস রেকর্ড যাচাই করে দেখা গেছে, আবছারের বিরুদ্ধে ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টেকনাফসহ বিভিন্ন থানায় অপহরণ, অস্ত্র ও মাদকসহ মোট ১৪টি মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবছার ওই অঞ্চলের অপহরণ চক্রের অন্যতম মূলহোতা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।
ডিবিসি/টিবিএ