বাংলাদেশ, জেলার সংবাদ

টেকনাফে অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে হোমিও চিকিৎসককে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে ডা. কামাল উদ্দিন ওরফে বিএ কামাল (৬৫) নামে এক পল্লী ও হোমিওপ্যাথিক চিকিৎসককে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।

রবিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালিয়া জুম্মাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রকাশ্যে এমন অপহরণের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

অপহৃত ডা. কামাল উদ্দিন ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসা সেবায় নিয়োজিত। ভুক্তভোগী পরিবারের স্বজনদের বরাতে জানা যায়, রবিবার দুপুরে একদল সশস্ত্র দুর্বৃত্ত পাহাড় থেকে নেমে সরাসরি তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ওই চিকিৎসককে জোরপূর্বক গহীন পাহাড়ের দিকে তুলে নিয়ে যায়। দুর্বৃত্তদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় স্বজনরা বাধা দেওয়ার সাহস পাননি। দুর্বৃত্তরা চলে যাওয়ার পরপরই বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করা হয়।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস জানান, প্রকাশ্যে এমন অপহরণের ঘটনায় এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি দ্রুত অপহৃত চিকিৎসককে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের তৎপরতা অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।

 

এদিকে, এই অপহরণের ঘটনায় চিকিৎসকের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত ডা. কামাল উদ্দিনকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন