জেলার সংবাদ

টেকনাফে ডাকাতের আস্তানায় ডেকে নিয়ে তিনজনকে কুপিয়ে হত্যা

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফে বাড়ি থেকে নিজেদের আস্তানায় ডেকে নিয়ে তিন ব্যক্তিকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে একদল ডাকাত। নিহতরা হলেন- উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে রবি আলম, নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ ও নুরুল ইসলামের ছেলে বশর ওরফে কালানি।

সোমবার (২০ এপ্রিল) রাতে পাহাড়ে ডাকাতদের আস্তানায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত মুর্শেদ তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছে, গতরাতে উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাত দলের আস্তানায় নিয়ে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা অন্য দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি কোদাল উদ্ধার করা হয়েছে এবং নিহতদের মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, নিহতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে অপহরণ ও ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি একজনের বিরুদ্ধে থানায় ৬-৭টি মামলাও রয়েছে। স্থানীয়দের ধারণা, মানবপাচার ও অপহরণের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

 

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। বর্তমানে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন