অপহরণ আতঙ্ক কিছুটা কমলেও টেকনাফের বাহারছড়া ইউনিয়নে নতুন করে দেখা দিয়েছে সশস্ত্র ডাকাত দলের উপদ্রব। সন্ধ্যার পর থেকেই উত্তর শীলখালী, দক্ষিণ শীলখালী, চৌকিদার পাড়া, বড় ডেইল ও নোয়াখালী পাড়ার মতো এলাকাগুলো জনমানবহীন হয়ে পড়ে। ডাকাত আতঙ্কে স্থানীয়রা সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন এবং দোকানপাটও বন্ধ হয়ে যায়।
ভৌগোলিক অবস্থানের কারণে টেকনাফের এই এলাকাটিতে দীর্ঘদিন ধরে অপহরণ ও মানবপাচারের মতো অপরাধ চলে আসছে। সম্প্রতি পাহাড় থেকে নেমে আসা ডাকাত দল স্থানীয়দের ওপর হামলা ও লুটপাট চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা নামলেই পুরো জনপদে এক নিঃশব্দ ভীতি নেমে আসে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস শাকিব খান জানিয়েছেন, এলাকাটিতে নিয়মিত অভিযান চলছে এবং সশস্ত্র ডাকাতদের উপদ্রব কমাতে রাতে বিশেষ টহল বাড়ানো হবে। তবে জনবল সংকটের কারণে পুলিশের পাশাপাশি স্থানীয় জনতার সহযোগিতাও কামনা করেছেন তিনি। সাধারণ মানুষ এখন দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় দিন গুনছেন।
ডিবিসি/পিআরএএন