জেলার সংবাদ

কক্সবাজারে খালে মাছ ধরতে গিয়ে পাহাড়ি ঢলে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে এবং অপর এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পালংখালী খালে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ সাবের (৯)। সে চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জোবায়েরের ছেলে। নিখোঁজ শিশু মোহাম্মদ ইমতিয়াজ (৭) একই ক্যাম্পের বি-৫ ব্লকের কালা মিয়ার ছেলে।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, এদিন বিকেলে ক্যাম্প সংলগ্ন পালংখালী খালে কয়েকজন শিশু মাছ ধরতে যায়। এ সময় বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলের তোড়ে সাবের ও ইমতিয়াজ খালের পানিতে ভেসে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মোহাম্মদ সাবেরের মরদেহ উদ্ধার করলেও ইমতিয়াজের কোনো সন্ধান মেলেনি।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত খালে অভিযান চালায়। রাতে সাময়িক বিরতির পর বুধবার সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে বুধবার বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

টেকনাফ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, স্থানীয় কর্মীদের পাশাপাশি নিখোঁজ শিশুটির সন্ধানে চট্টগ্রাম থেকে আসা বিভাগীয় ডুবুরি দলের সদস্যরাও অভিযানে অংশ নিয়েছেন। শিশুটির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন