কক্সবাজারের টেকনাফে পিকআপ ভ্যানে বিশেষ কৌশলে লুকিয়ে পাচারের সময় এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নতুনপাড়ার মৃত বাঁচা মিয়ার ছেলে জাফর আলম (৫৫) এবং একই ইউনিয়নের করাচিপাড়ার মৃত জহির আহম্মদের ছেলে মো. তারেক (১৯)।
আ. ম. ফারুক জানান, বুধবার সন্ধ্যায় টেকনাফ থেকে যানবাহনে করে মাদকের একটি বড় চালান পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে।
একপর্যায়ে কক্সবাজারমুখী একটি সন্দেহজনক পিকআপ ভ্যান তল্লাশিচৌকিতে পৌঁছালে সেটি থামানো হয়। পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর পিকআপটিতে তল্লাশি চালায় র্যাব।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তল্লাশির একপর্যায়ে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।’
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আ. ম. ফারুক।
ডিবিসি/এমএনকে