কক্সবাজারের টেকনাফে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে অস্ত্রের মুখে হোছেন আলী (৬২) নামে এক বৃদ্ধকে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়া ঝর্ণাপাড়া সাইক্লোন সেন্টারের পাশে নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃত হোছেন আলী বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি।
অপহৃতের পরিবার সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে নিজেদের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্য পরিচয় দিয়ে বাড়ির চারদিক ঘিরে ফেলে। এসময় তার বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট (পরোয়ানা) রয়েছে বলে দরজা খুলতে চাপ সৃষ্টি করে। দরজা না খুললে তা ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়।
একপর্যায়ে দরজা খোলামাত্রই ৫ জন অস্ত্রধারী ঘরে প্রবেশ করে হোছেন আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে সন্ত্রাসীরা।
ভুক্তভোগীর স্ত্রী রোজিনা বেগম জানান, তার স্বামী গত চারদিন ধরে অসুস্থ। পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত খারাপ। ছোট দুটি সন্তান নিয়ে তিনি বর্তমানে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। এই ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য মোঃ ইলিয়াস প্রশাসনের কাছে ভুক্তভোগীকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ জানান, হোসেন আলী নামে এক ব্যক্তিকে মুখোশধারীরা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের একটি বিশেষ টিম পাহাড়ি এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ এপ্রিল রাতে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানায় অভ্যন্তরীণ সংঘর্ষে তিনজন নিহত হয়েছিলেন, যাদের মরদেহ পরদিন সকালে উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার পর এবার পুলিশ পরিচয়ে এই অপহরণের ঘটনা ঘটল।
ডিবিসি/টিবিএ