বাংলাদেশ, জেলার সংবাদ

টেকনাফে পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা সশস্ত্রদলের হামলায় ডাকাত নিহত

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফে অবস্থিত নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর গুলিতে হাসান আহমেদ (৪৫) ওরফে কালা হাসান নামের এক চিহ্নিত ডাকাত নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে ক্যাম্পের এইচ-ব্লকে এই হামলার ঘটনা ঘটে। নিহত হাসান ওই ক্যাম্পের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে আটটার দিকে রোহিঙ্গা ডাকাত সাদ্দাম ও তার সহযোগীরা সশস্ত্র অবস্থায় নয়াপাড়া ক্যাম্পের এইচ-ব্লকে প্রবেশ করে হাসানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই হামলাকারীরা পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। 

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ক্যাম্প সংলগ্ন জি/কে হাসপাতালে এবং পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান।

 

১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার জানান, খবর পেয়ে এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর টেকনাফ মডেল থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, নিহত হাসান আহমেদ এক সময় কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, গুম ও অপহরণসহ অন্তত পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন