কক্সবাজারের টেকনাফে পৌর শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুর রশিদকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করেছে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত।
গত মঙ্গলবার (২ জুন) রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাংগার ডেইল এলাকার লবণ মাঠসংলগ্ন সড়কে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি চট্টগ্রামের পাকভিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত আব্দুর রশিদ টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্য জালিয়াপাড়া এলাকার মৃত ইলিয়াসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে লবণ মাঠসংলগ্ন একটি সড়কের কাজ তদারকি করছিলেন আব্দুর রশিদ। এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথা, বাম হাত এবং দুই পায়ে ধারালো চাইনিজ রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত জামিল সাইফুল জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে আব্দুর রশিদকে হাসপাতালে আনা হয়। তার মাথা, বাম হাত এবং দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন, পৌর শ্রমিক দলের সভাপতির ওপর এই পরিকল্পিত হামলা আওয়ামী লীগের সন্ত্রাসীরা চালিয়েছে। ঈদ উদ্যাপনের অজুহাতে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এলাকায় অবস্থান নিয়ে এই হামলা সম্পন্ন করেছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনাটি ঘটেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত এজাহার জমা পড়েনি। ঘটনার কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ডিবিসি/টিবিএ