কক্সবাজারের টেকনাফ উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে মুহাম্মাদ সরওয়ার (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মাছ ধরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার (২ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সরওয়ার ওই এলাকার হাজী নুরুল আলমের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নাফ নদীতে মাছ শিকার শেষে সাবেক আলী আকবর মেম্বারের বাড়ির পাশের একটি লবণের মাঠ দিয়ে বাড়ি ফিরছিলেন সরওয়ার। এসময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি মাঠেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে হ্নীলা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সরওয়ারের পরিবারে এখন শোকের মাতম চলছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/টিবিএ