জেলার সংবাদ

টেকনাফে সম্পত্তি নিয়ে বিরোধ: ২ ভাই মিলে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টেকনাফের সাবরাংয়ে পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখে নিতে দুই ছেলের চালানো নির্মম নির্যাতনে কালা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১১টায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বৃদ্ধ সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার শুক্কুর মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার লক্ষ্যে দুই ছেলে মনির আলম ও শাকের আলম তাদের পিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। নিহতের স্ত্রী জানান, সম্পত্তি লিখে দেওয়ার জন্য দুই ছেলে প্রায়ই বাড়িতে ভাঙচুর চালাত। ঘটনার দিন তারা কালা মিয়াকে কোথাও আটকে রেখে বেধড়ক মারধর করে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে এক ঘর থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

 

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে কালা মিয়া সিএনজি চালককে জানিয়েছিলেন যে, তার দুই ছেলে সম্পত্তির লোভে তার ওপর হামলা চালিয়েছে। একজন তার গলা চিপে ধরে এবং অন্যজন বুকে উপর্যুপরি ঘুষি মেরেছে বলে তিনি উল্লেখ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকের মতে, হাসপাতালে আনার পর তার হার্টের সমস্যা দেখা দেয় এবং এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৈতৃক সম্পত্তির বিরোধের জেরে দুই ছেলের আঘাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ছেলে পলাতক রয়েছে। পুলিশ তাদের আটকে অভিযান শুরু করেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন