কক্সবাজারের টেকনাফে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. পারভেজ প্রকাশ বাক্কায়া (২৬) নামের এক যুবককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়।
অভিযুক্ত মো. পারভেজ রাঙ্গামাটি জেলার বাসিন্দা আবু ছিদ্দিকের ছেলে। সে ছোটবেলা থেকেই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোলাপাড়া এলাকায় তার নানির বাড়িতে বসবাস করে আসছে।
ভুক্তভোগী শিশুর বাবার বরাত দিয়ে জানা যায়, গত বুধবার (২০ মে) দুপুরে হোয়াইক্যং বাজার পাড়া এলাকায় বাড়ির সামনে ওই শিশুটি খেলছিল। এ সময় অভিযুক্ত পারভেজ তাকে ফুসলিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে নিয়ে যায়। বিষয়টি শিশুটির ছোট ভাই দেখতে পেয়ে তাৎক্ষণিক তার মাকে জানায়।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা সেখানে উপস্থিত হয়ে পারভেজকে ধরে ফেলে এবং মারধর করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যে সেখানে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে এবং জানাজানি হয়ে যাওয়ায় সে কোনো ক্ষতি করতে পারেনি বলে জানায়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হোয়াইক্যং বাজার পাড়া এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বুধবার দুপুরে পারভেজ নামের ওই যুবককে আটক করা হয়।
পরে ২১ মে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা রুজু করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত পারভেজকে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিবিসি/টিবিএ