বাংলাদেশ, জেলার সংবাদ

টেকনাফ থেকে ১০টি গ্রেনেড, ২৮ রাউন্ড গুলিসহ গাঁজা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফে একটি লবণ মাঠে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি হ্যান্ড গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় একটি সশস্ত্র গোষ্ঠী সীমান্ত ব্যবহার করে পাচারের উদ্দেশ্যে মাটির নিচে এসব সরঞ্জাম মজুত করছে বলে গোপন খবর পায় কোস্ট গার্ড। 

 

এই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল ওই লবণ মাঠে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে এসব অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডগুলো মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত গ্রেনেডের সদৃশ বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা। তিনি জানান, কতিপয় সশস্ত্র গোষ্ঠী পাচার কিংবা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে এগুলো মজুত করেছিল।

 

এই অস্ত্র মজুতের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন