বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রংপুরের ক্রীড়া সংগঠক ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক ঘোষিত ২৯ সদস্যের এই নতুন কমিটিতে রংপুর বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি স্থান পেয়েছেন।
শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মোসলে উদ্দিন আহমেদ। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব সাইদুল হক সাদী।
সরকার দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে মোট ২৭টি ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। প্রজ্ঞাপনে নবগঠিত এই কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় টেবিল টেনিস দলের সাবেক এই খেলোয়াড় ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকের নতুন কমিটিতে অন্তর্ভুক্তি দেশের টেবিল টেনিসের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ইঞ্জিনিয়ার সোহেল আহমেদের এই সাফল্যে রংপুরের ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইছে। রংপুরবাসীর জন্য এটি নিঃসন্দেহে অত্যন্ত গর্বের একটি অর্জন। স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠকদের প্রত্যাশা-ইঞ্জিনিয়ার সোহেল আহমেদের হাত ধরে দেশের টেবিল টেনিসে নতুন জোয়ার আসবে এবং বিশেষ করে উত্তরাঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য নতুন নতুন সুযোগ ও সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে।
ডিবিসি/এসএফএল