প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২০ মে) সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
এর আগে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। এই সিরিজ জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। বর্তমানে বাংলাদেশের অর্জিত পয়েন্ট ৫৮.৩৩ শতাংশ। অন্যদিকে, ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ভারত নেমে গেছে ষষ্ঠ স্থানে।
বাংলাদেশ দলের এই অবিস্মরণীয় জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। এ সময় তিনি দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
ডিবিসি/আরএসএল