আন্তর্জাতিক

ট্রাম্পের ইশারাতেই ইরানে হামলার সাহস করেছে ইসরায়েল: সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ওপর নতুন করে চালানো ইসরায়েলি আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুরা যদি তাদের এই অপতৎপরতার পুনরাবৃত্তি করে, তবে ইরান প্রতিশোধমূলক হামলার মাত্রা আরও জোরদার করবে।

সোমবার (৮ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় জেনারেল হাতামি জানান, মার্কিন-ইসরায়েলি আগ্রাসন বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানি মধ্যস্থতাকারীরা যখন তেহরানে অবস্থান করছিলেন, ঠিক সেই সময়েই ইসরায়েল এই নতুন হামলা চালিয়েছে। এই আগ্রাসন থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, গত এপ্রিলের শুরুতে ঘোষিত যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ অবসানের কোনো প্রচেষ্টার প্রতিই শত্রুদের ন্যূনতম কোনো দায়বদ্ধতা নেই।

 

সাম্প্রতিক এই উত্তেজনার শুরু হয় গত রোববার গভীর রাতে; যখন লেবাননের রাজধানী বৈরুতে মিত্র বাহিনীর ওপর ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরবর্তীতে ইসরায়েল দক্ষিণ ইরানের মাহশহর পেট্রোকেমিক্যাল প্লান্টে আঘাত হানলে, তার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের হাইফা শহরের শিল্পাঞ্চলগুলোতে পাল্টা হামলা চালায়। সবশেষ মঙ্গলবার ভোরে ইসরায়েলি হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী আবারও নতুন করে ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে।

 

গত ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে সশস্ত্র বাহিনীর প্রতি সাধারণ মানুষের সর্বাত্মক সমর্থন এবং রাজপথের প্রাত্যহিক বিক্ষোভের ভূয়সী প্রশংসা করেন জেনারেল হাতামি। তিনি বলেন, জনগণের এই সমর্থন সশস্ত্র বাহিনীর মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, গর্বিত ও স্বাধীন ইসলামি ইরানের মর্যাদা রক্ষায় তাদের সন্তানেরা শক্ত প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে এবং জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

 

সবশেষে এক কঠোর বার্তায় সেনাপ্রধান স্পষ্ট করেন, ইসরায়েলি এই হামলায় ইরান যুক্তরাষ্ট্রকেও সহযোগী হিসেবে বিবেচনা করে। নতুন করে কোনো হামলার ঘটনা ঘটলে প্রতিশোধের আওতা আরও সম্প্রসারিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর যেকোনো আগ্রাসনের সম্পূর্ণ দায় ওয়াশিংটনকেই বহন করতে হবে এবং শত্রুরা এর পুনরাবৃত্তি ঘটালে ইরানের পাল্টা পদক্ষেপ আরও ভয়াবহ হবে।

 

সূত্র: প্রেস টিভি

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন