প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক জোট গঠনের আহ্বান প্রত্যাখ্যান করে ইউরোপের শক্তিধর দেশ জার্মানি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধে জড়াবে না। জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি সামরিক শক্তি প্রয়োগ করে সচল রাখার কোনো প্রক্রিয়ায় অংশ নিতেও নারাজ বার্লিন। জার্মানির পাশাপাশি গ্রিসও একই ধরনের অবস্থান নিয়ে ওয়াশিংটনের প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো এই নৌপথ সচল করতে যুদ্ধজাহাজ পাঠিয়ে সহায়তা করবে। তিনি এ বিষয়ে ন্যাটোর সক্রিয় ভূমিকাও প্রত্যাশা করেছিলেন। তবে জার্মান সরকারের মুখপাত্র আজ সোমবার সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের এই যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই এবং এটি কোনোভাবেই ন্যাটোর যুদ্ধ নয়। জার্মানি কোনো সামরিক পন্থায় এই সংকট সমাধানের পক্ষে নয় বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, গ্রিস সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস জানিয়েছেন, গ্রিসও হরমুজ প্রণালিতে কোনো ধরনের সামরিক তৎপরতায় যুক্ত হবে না। ইরানের পক্ষ থেকে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের কোনো জাহাজ এই প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তাতে হামলা চালানো হবে। তেহরানের এমন কঠোর অবস্থানের মুখে জার্মানি ও গ্রিসের এই সরে দাঁড়ানো ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক জোট গঠনের প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
ডিবিসি/এফএইচআর