আন্তর্জাতিক, আমেরিকা

ট্রাম্পের নৈশভোজে গুলি: ভারত, পাকিস্তানসহ বিশ্বনেতাদের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় গোলাগুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের শীর্ষ নেতারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ উপস্থিত সবাই নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করার পাশাপাশি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তাঁরা।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, ওয়াশিংটনে গত রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের দৃশ্য দেখে আমি হতবাক। তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর যেকোনো ধরনের হামলার কঠোরতম নিন্দা জানানো উচিত। ট্রাম্প দম্পতি এবং অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা অক্ষত থাকায় এটিকে একটি 'বিশাল স্বস্তির বিষয়' বলেও উল্লেখ করেন তিনি।

 

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং উপস্থিত অতিথিদের নিরাপদে থাকার খবরে স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, এই উদ্বেগজনক ঘটনায় যারা আতঙ্কিত হয়েছেন, আমার সমবেদনা তাদের প্রতি।

 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাস্থলে থাকা সকলে নিরাপদ আছেন জেনে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি মার্কিন সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজের প্রশংসা করেন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস মার্কিন প্রেসিডেন্ট ও উপস্থিত সকলের প্রতি সমর্থন জানিয়ে বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।

 

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই হামলার চেষ্টার তীব্র নিন্দা জানান এবং উপস্থিত সকলের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং ভাইস-প্রেসিডেন্টের অব্যাহত নিরাপত্তা ও মঙ্গল কামনা করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনায় গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন এবং ট্রাম্পের জন্য প্রার্থনা করেছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম সম্মান জানিয়ে বলেছেন, সহিংসতা কখনোই কোনো সমাধানের পথ হতে পারে না।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন