যুদ্ধ অবসানের সম্ভাবনাকে স্বাগত জানালেও ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটের শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা ক্রিস মার্ফি। ট্রাম্পের ‘অযোগ্যতা’ নিয়ে সরব হয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্ফি বলেন, এই যুদ্ধে হাজার হাজার নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে এবং অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, সংঘাতের সম্ভাব্য অবসানের মানে এই নয় যে, ট্রাম্প কতটা অযোগ্য এবং শুরু থেকেই এই যুদ্ধ কতটা উন্মাদনাপূর্ণ ছিল, তা নিয়ে আমাদের চুপ থাকতে হবে।
ট্রাম্প তাঁর প্রতিনিয়ত বদলাতে থাকা লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেননি বলে মন্তব্য করেন এই ডেমোক্র্যাট সিনেটর। ব্যর্থতার উদাহরণ হিসেবে তিনি হরমুজ প্রণালি বন্ধে ইরানের সক্ষমতা এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির অব্যাহত থাকার বিষয়টি তুলে ধরেন।
মার্ফি আরও বলেন, ইরানের নতুন শাসকগোষ্ঠী এখন আরও বেশি সাহসী হয়ে উঠেছে। তারা আমাদের সর্বোচ্চ আঘাত সামলে নিয়ে আমাদেরকেই হারিয়ে দিয়েছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে তেহরান আরও বেশি 'শক্তিশালী' হয়ে আবির্ভূত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি