আন্তর্জাতিক

ট্রাম্পের সেতু ধ্বংসের হুমকির মুখে সেতুতেই পতাকা হাতে ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চরম হুমকির প্রতিবাদে এবং জাতীয় সংহতি প্রদর্শনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের একটি ঐতিহাসিক সেতুতে জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শত শত ইরানি নাগরিক।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই সমাবেশের একটি ভিডিও প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, আহভাজ শহরের বিখ্যাত ও ঐতিহাসিক পোল সেফিদ বা হোয়াইট ব্রিজে এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে সেতুতে দাঁড়িয়ে ইরানের জাতীয় পতাকা দুলিয়ে দেশপ্রেমের জানান দেন।


সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। তার দাবি, ওই সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ পুরোপুরি খুলে না দেয়, তবে ইরানের অভ্যন্তরীণ সব গুরুত্বপূর্ণ সেতু, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের এই ক্রমাগত হুমকির মুখে ইরানি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারই অংশ হিসেবে এই প্রতীকী সমাবেশের আয়োজন করা হয়।


এদিকে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই খবর পাওয়া গেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা শুরু করেছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, দেশের বিভিন্ন স্থানে সড়ক, রেললাইন এবং সেতু লক্ষ্য করে বিক্ষিপ্ত আক্রমণ চালানো হচ্ছে। মূলত সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করতে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করতেই এই কৌশল নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে এক নতুন ও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তবে হুমকির মুখে মাথা নত না করে সেতুর ওপর দাঁড়িয়ে ইরানি নাগরিকদের এই প্রতিবাদ বিশ্বমঞ্চে এক বিশেষ বার্তা দিচ্ছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন