খেলাধুলা, ফুটবল

ট্রাম্প-ইনফান্তিনো সম্পর্ক নিয়ে ফুটবল বিশ্বে তোলপাড়, লাখো মানুষের অভিযোগ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এখন অনেকটাই ‘ওপেন সিক্রেট’। এবার এই সম্পর্ককে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এক লাখেরও বেশি মানুষ। ফিফা সভাপতির পদে পুনর্নির্বাচনের প্রস্তুতি নেওয়া ইনফান্তিনোর জন্য যা নতুন করে চাপ তৈরি করতে পারে।

বিশ্বকাপ শুরুর আগে ‘রিবুট ফিফা’ নামে একটি প্রচারণা শুরু হয়। এর লক্ষ্য ছিল ফিফার কথিত প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় অভিযোগ জমা দেওয়া। পরে অভিযোগের পরিধি বাড়িয়ে টুর্নামেন্টে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্বকাপের পর বাতিল হওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্পকেও এর আওতায় আনা হয়।

 

মঙ্গলবার ফিফার নৈতিকতা কমিটির কাছে অভিযোগটি জমা দেওয়া হয়। একই সঙ্গে ‘রিবুট ফিফা’র আয়োজক ও অধিকারকর্মী সংগঠন ফেয়ার স্কয়ার কমিটিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি দেয়।

 

এর আগে গত বছরের ডিসেম্বরে একই ধরনের একটি অভিযোগ জমা দেওয়া হয়েছিল। তবে সে সময় নৈতিকতা কমিটির পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। পরবর্তীতে অভিযোগটির প্রতি সমর্থন জানায় নরওয়ের ফুটবল ফেডারেশন এবং ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্য।

 

ফেয়ার স্কয়ারের চিঠিতে বলা হয়, জবাবদিহির দাবিতে এক লাখ মানুষ নিজেদের নাম যুক্ত করেছেন, যা জনমনে উদ্বেগের মাত্রা স্পষ্ট করে। ফুটবলের সততা ও সুনাম রক্ষার দায়িত্বে থাকা স্বাধীন বিচারিক সংস্থা হিসেবে নৈতিকতা কমিটিকে শুধু ব্যবস্থা নিলেই হবে না-দ্রুততা, স্বচ্ছতা ও কঠোরতার সঙ্গে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে এটিও দৃশ্যমান করতে হবে।

 

রিবুট ফিফার অভিযোগের ভিত্তি হিসেবে আটটি ঘটনার উল্লেখ করা হয়েছে। ফেয়ার স্কয়ারের দাবি, এসব ঘটনা থেকে অন্তত এমন প্রমাণ পাওয়া যায় যে ফিফা সভাপতি ক্ষমতার অপব্যবহার করেছেন, রাজনৈতিক নিরপেক্ষতার দায়িত্ব লঙ্ঘন করেছেন এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টায় নিজের আনুগত্যের দায়িত্বও ভঙ্গ করেছেন।

  

ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগগুলো এমন সময়ে সামনে এলো, যখন তিনি ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তবে তাকে ঘিরে এরই মধ্যে চাপ তৈরি হয়েছে। উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও কনকাকাফও ইনফান্তিনোর সমালোচনা করেছে। এছাড়া তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগ দায়েরের কথাও জানিয়েছে উয়েফা।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন