মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রোশের বশবর্তী হয়ে কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
ইরানের প্রতি ওয়াশিংটনের তথাকথিত আলোচনার নীতির সমালোচনা করে তিনি বলেন, তথ্য বিকৃতির কারণেই পারমাণবিক আলোচনা পথচ্যুত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এবং শত শত বেসামরিক নাগরিকের প্রাণহানির মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার চার দিন পর, বুধবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
আরাগচি অভিযোগ করেন, ওয়াশিংটন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটিকে কোনো কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে না দেখে নিছক একটি 'রিয়েল এস্টেট' বা আবাসন ব্যবসার চুক্তির মতো বিবেচনা করেছে।
নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে আরাগচি লেখেন, "মিস্টার ট্রাম্প কূটনীতি এবং যে মার্কিন জনগণ তাকে নির্বাচিত করেছে, তাদের উভয়ের সাথেই বিশ্বাসঘাতকতা করেছেন।"
তিনি আরও বলেন, "যখন জটিল পারমাণবিক আলোচনাকে একটি রিয়েল এস্টেট চুক্তির মতো বিবেচনা করা হয় এবং বড় বড় মিথ্যার মাধ্যমে সত্যকে বিকৃত করা হয়, তখন অবাস্তব প্রত্যাশা কখনোই পূরণ হতে পারে না।"
আরাগচি বলেন, "ফলাফল কী? আক্রোশ ও একগুঁয়েমির বশবর্তী হয়ে আলোচনার টেবিল বোমা মেরে উড়িয়ে দেওয়া।"
ডিবিসি/এসএফএল