যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স বা জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। গতকাল শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে তিনি এই ঘোষণা দেন।
স্বামীর ক্যানসার ধরা পড়ার কথা জানিয়ে গ্যাবার্ড বলেছেন, এই কঠিন সময়ে স্বামীর পাশে থাকতেই আগামী ৩০ জুন থেকে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন থেকে এ নিয়ে চতুর্থ কোনো শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেন।
গ্যাবার্ডের পদত্যাগের পর তার প্রধান ডেপুটি অ্যারন লুকাসকে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক এই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য গত বছর যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার সমন্বয়ক হিসেবে শীর্ষ এই পদে যোগ দিয়েছিলেন।
সম্প্রতি ইরানের ওপর মার্কিন সামরিক হামলার সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসনের নীতি ও গোয়েন্দা তথ্যের মূল্যায়ন নিয়ে তার কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছিল বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
সূত্র: দা নিউইয়র্ক টাইমস
ডিবিসি/টিবিএ