ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং পাকিস্তানের উদ্দেশে তাঁর যাত্রা এখনও শুরু হয়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা করেছিলেন যে, চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পাকিস্তানে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল পাঠাবেন। সোমবার ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান এই শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অন্য একটি সূত্র জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলটি এখনও যাত্রা শুরু না করলেও খুব শীঘ্রই ইসলামাবাদে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাদের।
এর আগে নিউ ইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন-জেডি ভ্যান্স, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতিমধ্যেই আলোচনার উদ্দেশে রওনা হয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে যে সংঘাত শুরু হয়েছিল, তা নিরসনে প্রথম দফার আলোচনায় এই তিনজনই অংশ নিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে এই দ্বিতীয় দফার আলোচনাকে মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসএফএল