মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামীকাল সোমবারের (৬ এপ্রিল) মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটিকে চরম মূল্য দিতে হবে। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার আলটিমেটাম দেওয়ার পর আজ রোববার (৫ এপ্রিল) আবারও সেই হুমকির কথা স্মরণ করিয়ে দিলেন তিনি।
ঘটনার সূত্রপাত হয় গত ২১ মার্চ, যখন ট্রাম্প প্রথম আলটিমেটাম দিয়ে ঘোষণা করেন যে, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান নৌপথটি খুলে না দিলে দেশটির বড় বড় বিদ্যুৎকেন্দ্রগুলো ‘পুরোপুরি গুঁড়িয়ে’ দেওয়া হবে। তবে এর দুই দিন পর ২৩ মার্চ দ্বিতীয় আলটিমেটামে তাঁর সুর কিছুটা নরম হয়। দুই দেশের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’র দাবি করে তিনি জ্বালানি অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য পিছিয়ে দেন। এরপর ২৭ মার্চ তৃতীয় আলটিমেটামে ট্রাম্প জানান, ইরান সরকারের অনুরোধে তিনি বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা আরও ১০ দিন পিছিয়ে দিচ্ছেন, যার ফলে নতুন সময়সীমা দাঁড়ায় ৬ এপ্রিল।
ডেডলাইন ঘনিয়ে আসায় গতকাল ৪ এপ্রিল ট্রাম্প ইরানকে ‘৪৮ ঘণ্টার’ চূড়ান্ত সতর্কতা দিয়ে বলেন, এরপর তিনি দেশটিতে ‘নরক’ নামিয়ে আনবেন। আজ ৫ এপ্রিল আবারও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একই হুমকির পুনরাবৃত্তি করে তিনি বলেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে।
এই চরম উত্তেজনার মধ্যেই ট্রাম্প দাবি করেছেন যে, কিছু ইরানি কর্মকর্তা বর্তমানে আলোচনার টেবিলে রয়েছেন এবং আগামীকাল সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই আলোচনার দাবি বারবার নাকচ করে দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এফএইচআর