জেলার সংবাদ

রাজবাড়ীতে ট্রেনের বগি ছুটে বাস-রিকশায় ধাক্কা, নিহত ১, আহত অন্তত ১৫

রাজবাড়ী প্রতি‌নিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৭শে জুলাই ২০২৬ ০১:০৪:৫৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওয়াগনের সঙ্গে যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় তিনটি যানবাহনের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।


রবিবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মতি পাটোয়ারীর ছেলে মনোয়ার পাটোয়ারী (৫২)।


জানা গেছে, ফরিদপুরের পাওয়ার প্লান্টে তেল সরবরাহ শেষে ৩০টি ওয়াগন নিয়ে একটি তেলবাহী ট্রেন রাজবাড়ীর দিকে ফিরছিল। খানখানাপুর রেলগেট অতিক্রমের আগে ট্রেনটির পেছনের ছয়টি ওয়াগনের সংযোগকারী চেইন ছিঁড়ে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ট্রেনটি সম্পূর্ণ চলে গেছে মনে করে গেটম্যান রেলগেট খুলে দেন। ঠিক তখনই দৌলতদিয়া থেকে রাজবাড়ীগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় পেছন থেকে আসা বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে তিনটি যানবাহনের সংঘর্ষ হয়।


দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘খানখানাপুর রেলগেট এলাকায় ট্রেন, বাস ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, সে ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি শুরু হয়েছে।’

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন