বাংলাদেশ, জেলার সংবাদ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উত্তেজনা, ইটপাটকেল নিক্ষেপ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক মোটরসাইকেল র‍্যালিকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে রং, সফট ড্রিংকসের বোতল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে স্থানীয় প্রবীণ ও সিনিয়র ব্যক্তিদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে এলাকাটি।

শুক্রবার (১২ জুন) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ১২ জুন বিকেল ৫টায় ব্রাজিল সমর্থকদের একটি র‍্যালির ঘোষণা দেওয়া হয়েছিল। অন্যদিকে, এর আগে গত ৭ জুন আর্জেন্টিনা সমর্থকরা একটি র‍্যালি বের করলেও সেখানে উপস্থিতি কম থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রলের শিকার হন তারা। এরই জেরে তারা পাল্টা কর্মসূচি হিসেবে আবারও ১২ জুন বিকেল সাড়ে ৩টায় নতুন করে র‍্যালির ঘোষণা দেন।


শুক্রবার বিকেলে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আর্জেন্টিনা সমর্থকরা বড় মাঠে জড়ো হন। সেখান থেকে তারা একটি বিশাল মোটরসাইকেল র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও আগের স্থানে ফিরে আসেন।


এদিকে একই সময়ে, একই স্থানে ব্রাজিল সমর্থকরাও তাদের পূর্বনির্ধারিত র‍্যালির প্রস্তুতি নিচ্ছিলেন। আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালিটি মাঠে ফিরে এলে দুই পক্ষ একেবারে মুখোমুখি অবস্থানে চলে আসে এবং মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আর্জেন্টিনা সমর্থকদের ‘সেভেন আপ’ এবং ব্রাজিল সমর্থকদের ‘পাঁচটি বিশ্বকাপ, ফাইভ স্টার’সহ নানা ব্যঙ্গাত্মক স্লোগান দিতে দেখা যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান-পাল্টা স্লোগানের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ সময় এক পক্ষ অপর পক্ষের দিকে লক্ষ্য করে সফট ড্রিংকসের বোতল ও রং নিক্ষেপ শুরু করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ইটপাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। এছাড়া মাঠের ভেতর কয়েকটি পটকা বিস্ফোরণের শব্দও শোনা যায়।


পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় সিনিয়র ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তাদের সময়োপযোগী ভূমিকার কারণে বড় ধরনের কোনো সংঘাত ঘটেনি।


পরিস্থিতি কিছুটা শান্ত হলে পরবর্তীতে ব্রাজিল সমর্থকরা তাদের নির্ধারিত মোটরসাইকেল র‍্যালিটি বের করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা আবার একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন