‘মানবতা, উন্নয়ন ও টেকসই পরিবর্তনের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সামাজিক সংগঠন সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (এসপিডিএস) উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হাবিব-ই-রসুল (লিটন)। ক্যাম্পে আসা প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ওষুধও বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, অর্থের অভাবে অনেকের পক্ষেই নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয় না। এসপিডিএসের এমন উদ্যোগে নিম্নআয়ের ও অসহায় মানুষ সহজেই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পেরেছেন।
কার্যক্রম প্রসঙ্গে ডা. মো. হাবিব-ই-রসুল (লিটন) বলেন, অর্থের অভাবে অনেক মানুষ সময়মতো চিকিৎসকের কাছে পৌঁছাতে পারেন না। এ ধরনের মানবিক ক্যাম্পের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মহতী উদ্যোগে যুক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসপিডিএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ প্রয়াস। ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।