ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর শিংপাড়া এলাকায় আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিআরটিসি বাস ও টাইলস বোঝাই একটি পিকআপ ভ্যানের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের এক যাত্রী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে পঞ্চগড় থেকে রংপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখে আসা টাইলস বোঝাই একটি পিকআপের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন গুরুতর আহত হন।
এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি একজন টাইলস কোম্পানির কর্মচারী বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় বিআরটিসি বাসের হেলপার এবং পিকআপের চালকও মারাত্মকভাবে আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সকালের এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/টিবিএ