রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ের পথে রয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দুই দিনের এই সরকারি সফর ঘিরে কয়েকদিন ধরেই বদলে গেছে জেলার চেনা চিত্র।
চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি মা-বাবার কবর জিয়ারত করবেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিন তাঁর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা আছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি সার্কিট হাউসে যাবেন এবং গার্ড অব অনার গ্রহণ করবেন।
পরে শহরের সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন মির্জা ফখরুল। বেলা তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে তিনি নিজ বাড়িতে যাবেন। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তিনি নিজ বাড়িতেই অবস্থান করবেন।
পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। এরপর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন তিনি।
ডিবিসি/এফএইচআর