ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (8 আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে স্কুলশিক্ষার্থী অর্ণব ইসলাম এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন।
আহত ব্যক্তি হলেন রুহিয়া উপজেলার চামেশ্বরী গ্রামের নুরে আলমের ছেলে নীরব।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা অর্ণব ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় পথচারী আবুল হোসেনও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত নীরবকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে একজনকে মৃত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পথচারী আবুল হোসেনকে এর আগেই হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডিবিসি/এসডব্লিউএন