ঠাকুরগাঁও শহরের সার্কিট হাউস এলাকায় যাত্রীবাহী বাসে দুটি গরু ও ১৫ বস্তা সুপারি পরিবহনের অভিযোগে ‘ইসলাম পরিবহন’ নামের একটি বাসকে আটক করেছে ট্রাফিক পুলিশ। সোমবার (৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাস কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই বাসে যাত্রীদের পাশাপাশি অবৈধভাবে এসব মালামাল ও পশু বহন করা হচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে।
পরবর্তীতে ট্রাফিক পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে এই জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে বাস থেকে নামিয়ে গরু ও সুপারিগুলো তাদের নিজ নিজ মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর যাত্রীবাহী পরিবহনে অবৈধভাবে মালামাল বা পশু পরিবহন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে প্রশাসন।
ডিবিসি/আরএসএল