জেলার সংবাদ

ঠাকুরগাঁওয়ে ৩৮০ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৭শে জুলাই ২০২৬ ০১:৪১:০৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঠাকুরগাঁও থেকে ট্রাকবোঝাই সার পাচারের সময় সারসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় সারের কোনো চালান দেখাতে না পারায় ট্রাকচালক বাবুকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চোব্বিশ টিউবওয়েল এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশাদুল হক। দণ্ডপ্রাপ্ত চালক বাবু কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সারের চালান ছাড়া সার পরিবহন করা একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকসহ চালককে আটক করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। এ সময় সারের কোনো চালান দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ১২(১) ও ১২(৩) ধারায় চালককে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে আটক আনুমানিক ৩৮০ বস্তা সার জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।


তিনি আরও জানান, জব্দ করা সারের বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। পরে সারগুলো ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন