আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয় থেকে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর-এ-শাহাদাত স্বজন।
বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাঁর প্রতিনিধি হিসেবে একজন এসে ফরমটি নিয়ে গেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এই আসনটি দীর্ঘদিন ধরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত।
এ বিষয়ে নূর-এ-শাহাদাত স্বজন বলেন, “মহাসচিবের নির্দেশনায় তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তিনি দীর্ঘদিন ধরে দেশের ও দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের তাঁর প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে আমরা বিশ্বাস করি।”
উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ওই তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছিল।
ডিবিসি/কেএলডি