ভারতের কর্নাটকের ঘটনা

ডাক্তার স্বামীকে হত্যা করে পাশেই বসে মোবাইল দেখছিলেন স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের কর্নাটক রাজ্যের ধারওয়াড়ে এক চিকিৎসককে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তাদের আট বছর বয়সী সন্তানও গুরুতর আহত হয়েছে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখছে।

পুলিশ জানায়, ধারওয়াড়ের একটি আবাসনে চিকিৎসক কিরণ হোনান্নাভার, তার স্ত্রী প্রিয়ঙ্কা এবং তাদের একমাত্র সন্তান বসবাস করতেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে কিরণের এক আত্মীয় ফোন করলে সেটি ধরেন প্রিয়ঙ্কা। তিনি জানান, কিরণ কাজে ব্যস্ত থাকায় কথা বলতে পারছেন না। বুধবার (১৫ জুলাই) সকালেও একই আত্মীয় আবার ফোন করলে প্রিয়ঙ্কা একই কথা বলেন।


বুধবার সন্ধ্যায় দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় কিরণের পরিবারের সদস্যরা তার বাসায় যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, বিছানায় পড়ে আছেন কিরণ হোনান্নাভারের মরদেহ। মেঝেতে পড়ে আছে তাদের আট বছর বয়সী সন্তান। এ সময় প্রিয়ঙ্কা বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলে পরিবারের সদস্যদের দাবি।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিরণের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রিয়ঙ্কাকে গ্রেপ্তার করা হয়।


হুব্বলি-ধারওয়াড়ের পুলিশ কমিশনার এন. শশীকুমার জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে সন্তানের ওপর হামলার কারণও খতিয়ে দেখছে পুলিশ।


সূত্র: আনন্দবাজার


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন