খেলাধুলা, ফুটবল

ডান উরুর পেশিতে চোট পাওয়ায় লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চোট যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়রের। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার কোপা দো ব্রাজিলের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে খেলার সময় ডান উরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। পরদিন মেডিকেল পরীক্ষায় তাঁর ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি চোট ধরা পড়ে। এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় লাগে।

 

সান্তোসে ফেরার পর থেকেই ঘন ঘন চোটে পড়ছেন নেইমার। গত বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাবে ফেরার পর বাম উরু, ডান রেক্টাস ফেমোরিস, বাম হাঁটুর মেনিস্কাস ও ডান কাফে একাধিকবার চোট পেয়েছেন তিনি। সর্বশেষ চোটের আগেও, এমনকি বিশ্বকাপ চলাকালীনও কাফের সমস্যায় ভুগেছেন ব্রাজিলিয়ান তারকা।

 

সান্তোসের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো, চোটের পর নেইমার কখনোই দ্রুত মাঠে ফিরতে পারেননি। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে প্রাথমিকভাবে ধারণা করা সময়ের চেয়ে বেশি দিন মাঠের বাইরে থাকতে হয়েছে। তাই এবারও দলের প্রাণভোমরার চিকিৎসা ও পুনর্বাসনে কোনো তাড়াহুড়া করতে চায় না ক্লাব কর্তৃপক্ষ।

 

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা সান্তোসের জন্য নেইমারের চোট বড় ধাক্কা। রোববার (৬ সেপ্টেম্বর) ইন্টারন্যাসিওনালের বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচের পাশাপাশি কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালেও তাঁকে ছাড়াই মাঠে নামতে হতে পারে ক্লাবটিকে।

 

পালমেইরাসের বিপক্ষে একই ম্যাচে নেইমার ছাড়াও আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে সান্তোস। ডান গোড়ালি মচকে যাওয়ায় ইন্টারন্যাসিওনালের বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। অন্যদিকে, ফরোয়ার্ড আলভারো বারেয়ালের বাম উরুর বাইসেপস ফেমোরিস পেশিতে টাইপ ২এ টিয়ার ধরা পড়েছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন