বিবিধ

ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে লড়বেন ‘পথশিশুদের বন্ধু’ সমাজকর্মী সোহেল রানা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী ও মানবিক ব্যক্তিত্ব সোহেল রানা। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ঢাকার রাজপথে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় থাকা এই পরিচিত মুখ এবার নগরপিতার লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

সোহেল রানা দীর্ঘ ১১ বছর ধরে ‘ছায়াতল বাংলাদেশ’ নামক সংস্থার মাধ্যমে পথশিশু, দুস্থ ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। রাজনীতিতে নামার আগে থেকেই মাঠপর্যায়ে তার মানবিক কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। বিশেষ করে রাজধানীর রাজপথে বেড়ে ওঠা শিশুদের খাদ্য, শিক্ষা ও পুনর্বাসনে তার ভূমিকা সর্বজনবিদিত, যার ফলে নগরবাসীর কাছে তিনি ‘পথশিশুদের বন্ধু’ হিসেবেই বেশি পরিচিত।


তার কার্যক্রম কেবল শিশু অধিকারেই সীমাবদ্ধ থাকেনি। গত এক দশকে তিনি শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ এবং প্রতি রমজানে কয়েক হাজার অসহায় মানুষের জন্য ইফতার ও সেহরির আয়োজন করেছেন। কেবল ত্রাণই নয়, বরং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দুস্থ পরিবারগুলোকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছেন। মাদকবিরোধী আন্দোলন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক অবক্ষয় রোধে নিয়মিত সভা-সেমিনার পরিচালনা করে আসছেন। স্থানীয় পর্যায়ে পানি সংকট, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিশ্চিতে জনসচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।


মেয়রের লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে সোহেল রানা বলেন, 'মানুষের পাশে দাঁড়ানো কোনো সাময়িক দায়িত্ব নয়, এটি একটি আজীবনের অঙ্গীকার। আমি বিশ্বাস করি, সমাজ পরিবর্তনের শুরু হয় ব্যক্তি পর্যায়ের ছোট ছোট দায়িত্ববোধ থেকে। নগরবাসীর প্রতিটি মৌলিক সমস্যা সমাধানে আমি মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।


এলাকাবাসী ও সাধারণ ভোটারদের মতে, প্রথাগত রাজনৈতিক বলয়ের বাইরে সোহেল রানার মতো একজন মাঠপর্যায়ের কর্মীকে প্রার্থী হিসেবে পাওয়া ইতিবাচক। কঠিন সময়ে যাকে পাশে পাওয়া যায়, এমন একজন পরিচিত মুখকে তারা আগামীর নগরায়নে নেতৃত্ব দিতে দেখতে চান।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন