রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে পুলিশ মোট ৫২টি মামলা দায়ের করেছে।
সোমবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৪১ জন, ওয়ারীতে ৫৩ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫৮ জন, মিরপুরে ১২৩ জন, গুলশানে ৪৪ জন, উত্তরা বিভাগে ৫৪ জন এবং গোয়েন্দা বিভাগে আটজন রয়েছেন।
ডিএমপি সূত্রে জানা যায়, এই অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, একটি ছুরি এবং একটি আংশিক ব্লেড উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৩ দশমিক ৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ ও তিন বোতল দেশি মদ জব্দ করা হয়।
এছাড়াও ট্রেনের টয়লেটের স্টিলের চারটি ট্যাপ, পাঁচটি প্লাস্টিকের ট্যাপ, ১০টি মোবাইল ফোন এবং ২১ দশমিক ২ লিটার ওষুধের কেমিক্যাল উদ্ধার করার পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও আলামত উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/আরএসএল