প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আই-এর জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অভিজাত রিসোর্টে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্ববর্তী কমিটির কাঠামোগত আকার কমিয়ে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জামাল উদ্দিন (বিশেষ প্রতিনিধি, বাংলা ট্রিবিউন), যুগ্ম সম্পাদক আলী আসিফ শাওন (চিফ রিপোর্টার, ঢাকা ট্রিবিউন), অর্থ সম্পাদক কাজী সোহাগ (সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক সাইফ বাবলু (সিনিয়র রিপোর্টার, রূপালী বাংলাদেশ), দপ্তর সম্পাদক (প্রচার ও প্রশিক্ষণ) কামাল হোসেন তালুকদার (বিশেষ প্রতিনিধি, দ্য নিউজ টোয়েন্টিফোর ডটকম) এবং আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান (সম্পাদক, অলক্রাইমস টিভি)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- আয়নাল হোসেন (বিশেষ প্রতিনিধি, সিটিজেন জার্নাল), এস এম মিন্টু (সিনিয়র রিপোর্টার, দৈনিক নয়াদিগন্ত) এবং মনি আচার্য্য (সিনিয়র রিপোর্টার, ঢাকা পোস্ট)।
তিন সদস্যের ডিজাব নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি মামুনুর রশীদ। অন্য দুই সদস্য ছিলেন ডিজাবের সিনিয়র সদস্য ও দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ করিম এবং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইজ্যাব) সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে কমিশন।
নির্বাচন পরবর্তী এক মুক্ত আলোচনায় বিদায়ী কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহর সঞ্চালনায় বক্তারা রাষ্ট্রের সুরক্ষা এবং প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ডিবিসি/এসএফএল