রাজধানীর মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ এই আদেশ দেন। এর আগে গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন শুনানিতে অংশ নেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন দেলোয়ার হোসেন (৪০)। সে সময় মামুন খালেদের নির্দেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই মারা যান। প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডে মামুন খালেদের জড়িত থাকার সপক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
শেখ মামুন খালেদ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৭-২০০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলেও তিনি সংস্থাটির কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি দীর্ঘ সময় প্রভাবশালী পদে আসীন ছিলেন।
তবে তার বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে গোয়েন্দা সংস্থাকে সম্পৃক্ত করা, ‘এক-এগারো’র সময় বিতর্কিত ভূমিকা এবং ‘জলসিঁড়ি’ আবাসন প্রকল্পসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।
গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন। দুদকের অভিযোগে বলা হয়েছিল, তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
ডিবিসি/এসএফএল