প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে এবার বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এর আগে জুলাই আন্দোলনের সময় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ঢাকার মিরপুর মডেল থানায় করা মামলায় তাকে তিন দফা রিমান্ডে পাঠানো হয়েছিল।
মকবুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুনকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য দিয়েছেন।
গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম রাজধানীর মিরপুর এলাকা থেকে শেখ মামুনকে গ্রেপ্তার করে। পরদিন দেলোয়ার হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর গেল ৩১ মার্চ ছয় দিন এবং ৬ এপ্রিল আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয় তাকে।
তিন দফায় ১৪ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার শেখ মামুনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কফিল উদ্দিন। অন্যদিকে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে প্রথমে দেলোয়ার হত্যা মামলায় তার জামিন শুনানি হয়। জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
অন্যদিকে, মকবুল হত্যার ঘটনায় পল্টন মডেল থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো ও সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন।
এদিন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মকবুল হত্যা মামলায় শেখ মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন।
মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবির হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। ভাঙচুর চালানো হয় বিএনপি কার্যালয়ে। কার্যালয়ের পাশে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এই ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন।
ডিবিসি/ এইচএপি