টানা ১৫ দিন পানিবন্দি, ঘরে খাবার নেই এবং সরকারি কোনো সহায়তাও মেলেনি- এমন মানবেতর জীবনযাপনের খবর ডিবিসি নিউজে প্রকাশের পর অবশেষে সরকারের সহায়তা পৌঁছেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরপাড়ের বৃদ্ধা রুফিয়া বেগমের কাছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে তার নিকট এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বেলাগাঁও ইউনিয়নের লামাপাড়া গ্রামে রুফিয়া বেগমের বাড়িতে স্বয়ং উপস্থিত হয়ে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা তুলে দেন।
এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) বন্যার পানিতে ঘরবন্দি হয়ে চরম মানবিক সংকটে থাকা রুফিয়া বেগমের অসহায় জীবন নিয়ে ডিবিসি নিউজে একটি বিশেষ সংবাদ ও সাক্ষাৎকার প্রচারিত হয়। সংবাদটি প্রচারের পরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে।
সাক্ষাৎকারে রুফিয়া বেগম আক্ষেপ করে জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে পানিবন্দি থাকলেও কেউ তার খোঁজ নেননি। ঘরে খাবার না থাকায় বহু সময় তাকে অনাহারেই দিন কাটাতে হয়েছে।
এই মানবিক উদ্যোগের বিষয়ে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, ‘ডিবিসি নিউজে রুফিয়া বেগমের অসহায় অবস্থার খবরটি দেখার পরপরই আমি তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার নির্দেশ দিই। বাংলাদেশ পুলিশ সবসময় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও মানবিক দায়িত্ববোধ থেকে পুলিশের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’
ডিবিসি/এসএস