কর্মস্থলে অনুপস্থিত থেকেও অধীনদের দিয়ে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করা, কোয়ার্টার বরাদ্দে অনিয়ম এবং রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে আলোচিত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানকে বদলি করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দেওয়া হয়।
এর আগে ডা. নূর-এ-আলম খানের বিরুদ্ধে কর্মস্থলে নিয়মিত অনুপস্থিতি, অধীনদের মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করা, কোয়ার্টার বরাদ্দের নিয়ম পরিবর্তন এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে ডিবিসি নিউজে প্রতিবেদন প্রচারিত হয়।
অভিযোগ রয়েছে, অতীতেও কর্মস্থলে অনুপস্থিতির কারণে তিনি কারণ দর্শানোর নোটিশ পান। সন্তোষজনক জবাব দিতে না পারায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়। ডা. নূর-এ-আলম খান ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান মুঠোফোনে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিসি/এসভিএন