‘দালালের প্রতারণায় সর্বস্বান্ত বদর, করেননি বিয়ে’- এমন শিরোনামে ডিবিসি নিউজের ডিজিটাল বিভাগে সংবাদ প্রচারের পর অবশেষে আশ্রয় (ঘর) পাচ্ছেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের বাসিন্দা বদর উদ্দীন শেখ। সংবাদ প্রকাশের পরই টনক নড়ে প্রশাসনের।
গত ১৬ই নভেম্বর (রবিবার) ডিবিসি নিউজে খবরটি প্রচার হওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে প্রশাসন দ্রুত তৎপর হয়। আজ বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, সহকারি কমিশনার (ভূমি) পায়রা চৌধুরি, এবং বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বদর শেখের বাড়ি পরিদর্শন করেন। এ সময় মানবিক সহায়তা হিসেবে উপজেলা নির্বাহী অফিসার বদর শেখের হাতে নগদ অর্থ ও শীতবস্ত্র তুলে দেন তিনি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক সাংবাদিকদের জানান, বদর উদ্দীন শেখ তার দুটি বর্গা গরুর সাথে একটি জরাজীর্ণ গোয়াল ঘরে বসবাস করেন। ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পর আমাদের জেলা প্রশাসক সুলতানা আক্তার ম্যাডাম বদর শেখের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। আমরা স্যারের নির্দেশে বদর শেখের জন্য শীতবস্ত্র নিয়ে এসেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার একটি ঘর করে দেওয়া হবে। আগামী মাসের মধ্যেই তার ঘরের নির্মাণ কাজ শেষ হবে।

সাহায্য পেয়ে অসহায় বদর শেখ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনেকেই আমার না খেয়ে থাকার বিষয়টি তুলে ধরেছেন। কিন্তু বর্গা গরুর সাথে ভাঙ্গা একঘরে আমার বসবাসের বিষয়টি ডিবিসি নিউজ তুলে ধরেছে। এরপর আজ সকালে কয়েকজন স্যার এসেছিলেন। তারা আমাকে কিছু টাকা ও শীতবস্ত্র দিয়েছেন। আগামী মাসে আমার ঘর করে দেবেন বলেও নিশ্চয়তা দিয়েছেন। এমন সংবাদের জন্য আমি ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, মূল ধারার সংবাদমাধ্যমের শক্তি হলো অসহায় মানুষের তথ্য সমাজ থেকে তুলে আনা। ডিবিসি নিউজের সাংবাদিক দেবাশীষ বিশ্বাস সেই তথ্য তুলে এনেছেন। আমরা আগামী মাসে তার একটি ঘর নির্মাণ করে দেব।
উল্লেখ্য, উন্নত জীবনের আশায় ২০১৫ সালে বদর উদ্দীন শেখ প্রবাসে যেতে চেয়ে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারান। এরপর থেকে তিনি নিঃস্ব হয়ে একটি পলিথিনের ছোট্ট ছাপরা ঘরে তার বর্গা দেওয়া দুটি গরুর সাথে মানবেতর জীবনযাপন করছিলেন।
ডিবিসি/ এইচএপি