ডিবিসি নিউজে মানবিক প্রতিবেদন প্রচারের পর গাজীপুরের বিরল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে স্বস্তি ফিরে এসেছে অসহায় পরিবারটিতে।
চলতি বছরের ৮ এপ্রিল ডিবিসি নিউজে ’ডান পাশে হৃদপিণ্ড, জোড়া ছিদ্র! অসুস্থ মেয়েকে ফেলে পালাল বাবা’ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়। ওই প্রতিবেদনে গাজীপুরের এই অসহায় পরিবারের সংগ্রামের চিত্র উঠে আসে। জন্মের মাত্র নয় দিনের মাথায় শ্বাসকষ্টে আক্রান্ত হয় জমজ দুই বোনের একজন আনিফা। চিকিৎসকের কাছে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তার হৃদপিণ্ড স্বাভাবিক অবস্থানে না থেকে ডান পাশে রয়েছে। এছাড়া হৃদপিণ্ডে দুটি ছিদ্রসহ আরও নানা জটিলতা ধরা পড়ে।
শিশুটির চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি দ্রুত নিঃস্ব হয়ে পড়ে। একসময় মেয়ের অসুস্থতার খবর ও খরচের চাপে সংসার ছেড়ে চলে যান বাবা আকাশ। এরপর থেকে দুই জমজ মেয়েকে নিয়ে একাই জীবনযুদ্ধ শুরু করেন মা রোনা আক্তার। মেয়ের চিকিৎসার জন্য নিজের গহনাও বিক্রি করতে হয়েছে তাঁকে। ইতোমধ্যে চিকিৎসার পেছনে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা ব্যয় করে ফেলেন তিনি।
ডিবিসি নিউজে সংবাদটি প্রচারের পর দেশ-বিদেশের অনেক হৃদয়বান মানুষ শিশুটির সহায়তায় এগিয়ে আসেন। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়। এতে পরিবারটি নতুন করে আশার আলো দেখতে শুরু করে।
এরই ধারাবাহিকতায় সর্বশেষ আনিফার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার মাধ্যমে ছোট্ট আনিফা দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা করছে তার পরিবার।
ডিবিসি/আরএসএল