নড়াইলের কালিয়া উপজেলার পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের খবর ডিবিসি নিউজে প্রচারের পর অবৈধভাবে নির্মিত সেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের উপস্থিতিতে অবৈধ ওই বাড়িটির পিলার ও দেওয়াল ভেঙে ফেলা হয়।
এর আগে, সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণের খবর গত ২৮ এপ্রিল বিকেল ৪টার সংবাদে ডিবিসি নিউজে প্রচারিত হয়। এরপরই বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনের নজরে আসে এবং তারা এর ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের মাঠ দখল করে কলাবাড়ীয়া গ্রামের মনিরুজ্জামান নামের এক ব্যক্তি দালানঘর নির্মাণ শুরু করেন। নিজেদের জমির পাশাপাশি তিনি প্রায় দুই শতক সরকারি জায়গা দখল করে একতলা পাকাঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন। এতে বিদ্যালয়ের মাঠ ছোট হয়ে আসায় শিক্ষার্থীদের খেলাধুলায় বিঘ্ন ঘটছিল।
এ বিষয়ে কলাবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা শেখ মোহাম্মদ আফিল উদ্দিন জানান, খবর পেয়ে অবৈধভাবে নির্মিত ওই দালানঘরের কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর সরকারি জায়গা সঠিকভাবে চিহ্নিত করে অবৈধভাবে নির্মিত বাড়ির অংশবিশেষ ভেঙে ফেলা হয়েছে।
ডিবিসি/কেএলডি