দেশের ৬৪ জেলার প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা দিতে শুরু হওয়া ‘ডিবিসি নিউজ ডিএমকে হেলথ এক্সপ্রেস’ আজ রাজধানীর আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজে অবস্থান করছে। বিশেষ এই ক্যাম্পেইনের আজ শনিবার (২ মে) দ্বিতীয় দিন।
ডিবিসি নিউজ ও ডিএমকে হেলথ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকগণ সরাসরি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের এই বিনামূল্যে সেবা নেওয়ার সুযোগ পেয়ে সকাল থেকেই ক্যাম্প প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ক্যাম্পেইনে শুধু বিনামূল্যে পরামর্শই নয় বরং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত রোগ নির্ণয় সুবিধা দিতে স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ বুথ। এসব বুথে রক্ত পরীক্ষা, কিডনি, লিভার, থাইরয়েড, ডায়াবেটিস এবং হার্টের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় দেওয়া হচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়।
হাতের নাগালে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পরীক্ষার এমন সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা। পর্যায়ক্রমে এই হেলথ এক্সপ্রেস দেশের প্রতিটি জেলায় সাধারণ মানুষের দোরগোড়ায় এই সেবা কার্যক্রম পরিচালনা করবে।
ডিবিসি/টিবিএ