গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (১৯ মে) ৩য় দিনের মতো ব্লকেড কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আপাতত সম্পূর্ণ বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই ব্লকেড কর্মসূচি থেকে সরে আসবেন না।
শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে প্রধান হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা। এছাড়া তাদের অন্য দুটি দাবি হলো ডুয়েটের নিজস্ব কোনো শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া এবং গতদিনের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। সকাল থেকে শুরু হওয়া এই ব্লকেড কর্মসূচি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে সরকারি কাজে বাধা দেওয়া এবং ভাঙচুরের অভিযোগে গতকাল দুপুরের পর পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি। ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ডিবিসি/আরএসএল