গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ার প্রতিবাদে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে পরিণত হওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার স্বার্থে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেয়া উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতরা এসে তাদের ওপর হামলা চালিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও দাবি করেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত ছিল। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ।
ডিবিসি/টিবিএ